হোম > সারা দেশ > যশোর

বস্তায় ছুরি রামদা নিয়ে ঘুরছিল ৩ যুবক, পুলিশে দিল স্থানীয়রা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

আটক ৩ যুবক। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে বস্তায় রামদা, দা ও ছুরি নিয়ে ঘোরাঘুরির সময় তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকুরিয়া এলাকার কাটাখালি মোড়ে ঘটনাটি ঘটে। দ্রুত বিচার আইনে মামলার পর আজ শুক্রবার দুপুরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটক ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের মেহেদী হাসান (২০), একই গ্রামের তামিম শেখ (১৯) এবং মনিরামপুরের ভোমরদহ গ্রামের শাকিল গাজী (১৯)।

স্থানীয় লোকজন জানান, তিন যুবক বৃহস্পতিবার রাতে একটি বস্তা নিয়ে কাটাখালি মোড়ে আসেন। হাঁটার সময় বস্তার ভেতর থেকে শব্দ হলে মোড়ের লোকজনের সন্দেহ হয়। পরে বস্তা তল্লাশি করে একটি রামদা, একটি দা ও একটি ছুরি পাওয়া যায়।

শাকিল গাজীর দাবি, ভোমরদহ এলাকার বজলে নামের এক মাংস ব্যবসায়ী পুরোনো ছুরি ও চাপাতি কিনতে চেয়েছিলেন। সেগুলো বিক্রির জন্য তাঁরা সেখানে এনেছিলেন।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বজলে বলেন, শাকিলের দাবি সত্য নয়।

স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে তিন যুবক রাতে দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন।

মনিরামপুর থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম বলেন, দেশীয় অস্ত্রসহ আটক তিন যুবকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। আদালতের বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।