হোম > সারা দেশ > যশোর

নানাবাড়িতে এসে ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের মেয়ে সুমাইয়া খাতুন (৫)। নিহত নয়ন ও সুমাইয়া সম্পর্কে সৎ ভাই-বোন। নয়নের বাবা আক্তার হোসেন ও সুমাইয়ার মা জাহানপুর গ্রামের মৌসুমী বিবাহবন্ধনে আবদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার তারা মা-বাবার সঙ্গে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে নানা হান্নানের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে ওই দুই শিশু বাড়ির সবার অগোচরে স্থানীয় ইছারউদ্দিন সানার পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাদের মা-বাবাসহ স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিসবাহ উদ্দিন বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।