হোম > সারা দেশ > যশোর

নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল মামা-ভাগনের লাশ

চৌগাছা (যশোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো—ফুলসারা ঢালীপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরায়রা (২) এবং যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২)।

স্থানীয়রা জানান, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে মামা আবু হুরায়রা ও ভাগনে মাহমুদুল বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পেছনে প্রতিবেশী ওয়াজ্জেদ আলীর পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ছেলেকে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে নিয়ে যেতে নিজের ইজিবাইক চালিয়ে সেখানে যান মাহমুদুলের বাবা। বাড়িতে গিয়ে ছেলেকে না পেয়ে স্বজন ও স্থানীয়দের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামের লোকজন পুকুরে মাহমুদুলের মরদেহ ভাসতে দেখেন। তাঁরা সেটি উদ্ধার করার পরপরই আবু হুরায়রার মরদেহও পানিতে ভেসে ওঠে।

পরে স্বজনেরা দুজনকে উদ্ধার করে দ্রুত চৌগাছা ২৫০ শয্যাবিশিষ্ট ডা. আনিসুজ্জামান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।