যশোরের কেশবপুরে বাবার ব্যাটারিচালিত ভ্যানের চার্জার থেকে বিদ্যুতায়িত হয়ে হাসিবুল রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ওই গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দীনের ছেলে।
বিদ্যুতায়িত হয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুর রহমান বিশ্বাস।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভ্যানচালক সাজিম উদ্দীন তাঁদের বাড়িতে ব্যাটারিচালিত ভ্যানটি বৈদ্যুতিক লাইন দিয়ে চার্জে দিয়েছিলেন। সকালে তাঁর ছেলে হাসিবুল ভ্যানে লাগানো চার্জারের সংযোগস্থলে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, মৃত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে আনা হয়।