হোম > সারা দেশ > যশোর

দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা, পরিকল্পনা ছিল অন্য দুই সন্তানকেও হত্যার

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

দুই শিশুসন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা। ছবি: আজকের পত্রিকা

যশোরের শার্শায় কামাল হোসেন নামে এক ভ্যানচালক ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর কামাল হোসেন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলো ওই গ্রামের মৃত নেদন আলীর ছেলে ভ্যানচালক কামাল হোসেন (৪৫), তাঁর শিশুসন্তান সাবির হোসেন (৫) ও জাবির হোসেন (৩)।

স্থানীয়বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কামাল হোসেনের তিন স্ত্রীর সাতজন সন্তান রয়েছে। প্রথম দুই স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে তৃতীয় স্ত্রী পারিবারিক কলহের জেরে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর শিশু সাবির, জাবির, আবিতা (১০) ও আবির (৮) বাবা কামালের সঙ্গে ছিলেন।

আজ দুপুরে সেমি-পাকা টিনের ঘরে শিশু জাবির ও সাবিরকে শ্বাসরোধে হত্যা করেন কামাল। পরে ওড়না গলায় পেঁচিয়ে ফ্যান ও আড়ার সঙ্গে তাদের ঝুলিয়ে রাখেন। এরপর তিনি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন এবং অপর দুই সন্তানকে হত্যার পরিকল্পনা করেন। হত্যার উদ্দেশ্যে মেয়ে আবিতাকে বলেন ছেলে আবিরকে ডেকে নিয়ে আসতে। এরই মধ্যে তীব্র বিষক্রিয়ায় কামাল বাড়ির পাশের একটি আমবাগানে লুটিয়ে পড়েন এবং মারা যান।

কিছু সময় পর শিশু আবিতা ও আবির বাড়ি ফিরে ভাইদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চাচি শিরিনা বেগমকে খবর দেয়। পরে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে ঘটনাটি জানায়। পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও মানসিক চাপের কামাল হোসেন নিজের সন্তানদের হত্যা করে নিজেকেও শেষ করে দিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে।