হোম > সারা দেশ > যশোর

উদীচীর সভায় বক্তারা: সাংস্কৃতিক চর্চা আর ধর্মকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে

­যশোর প্রতিনিধি

যশোরে উদীচীর তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

নাচে, গানে আর কথামালায় যশোরে শেষ হয়েছে উদীচীর তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। শেষ দিন আজ শুক্রবার বিকেলে শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর পরিবেশিত হয় গণসংগীত। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন দেশের মেহনতি মানুষ ও তাঁদের সন্তানেরা। কিন্তু গত এক বছরে দেখা গেছে, ভাগ্য খুলেছে শুধু কয়েকজনের।

তাঁরা বলেন, ‘যে বৈষম্য জন্য গণ-অভ্যুত্থান হলো; সমাজে এখনো সেই বৈষম্য দূর হয়নি। মুক্ত সাংস্কৃতিক চর্চায় বাধা আসছে। এখনো আগের মতো সাংস্কৃতিক চর্চা আর ধর্মকে মুখোমুখি করে দাঁড় করানো হচ্ছে। স্বৈরাচার পতনের পর আমরা মুক্ত পরিবেশে থাকব বলে প্রত্যাশা করেছিলাম। কিন্তু এখন মাজার, দরগাহ আক্রান্ত হচ্ছে। বাউলশিল্পী, লোকশিল্পীদের ওপর হামলা হচ্ছে।’

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, উদীচী শুরু থেকেই মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে কাজ করছে। শিল্প-সংস্কৃতিচর্চার মধ্য দিয়েই হবে মানুষ ও মানবতার মুক্তি। উদীচী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি বাঙালির মুক্তচিন্তা, প্রতিবাদ ও মানবতার প্রতীক। সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উদীচী সব সময় সামনে ছিল। আগামীতেও উদীচী গণমানুষের মুক্তির এই লড়াইয়ে আজন্ম লড়াই করে যাবে।

সভায় আরও বক্তব্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, জেলা শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও সুর বিতানের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান।

শেষে আবারও শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কখনো গানের তালে তালে নেচে, আবার কখনো একক বা দলীয় সংগীতে টাউন হল ময়দান মাতিয়ে তোলেন উদীচীর শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিল্পীরা।

এর আগে ২৯ অক্টোবর ‘স্পর্ধিত হও অশুভের সঙ্গে দ্বন্দ্বে’ স্লোগানে শুরু হয় উদীচী যশোর সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনের কর্মসূচি। দ্বিতীয় দিনে সদর উপজেলার ভাতুড়িয়ার সাড়াপোল সড়কে দুই ধারে ৫৭টি তালগাছের চারা রোপণ করা হয়।

যশোর: কৌশলে সরকারি গাছ নিধন, নেই তদারকি

যশোর গণহত্যা দিবস: শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ

যশোর গণহত্যা দিবস আজ, শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি

যশোর শিক্ষা বোর্ডের আলোচিত চেক জালিয়াতির মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন

শিমুলগাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

ভুয়া মাদ্রাসার নামে ত্রাণের চাল লোপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই

এক রাতে সেচপাম্পের ৮টি ট্রান্সফরমার চুরি, ৬০০ বিঘা জমির ধান চিটা হওয়ার ঝুঁকি

বেনাপোল বন্দর এলাকা থেকে অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার