হোম > সারা দেশ > যশোর

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে।

আজ বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে এসব নারী-পুরুষ ও শিশুকে হস্তান্তর করে। তাঁরা খুলনা, সাতক্ষীরা, গাইবান্ধা, নরসিংদী, বরিশাল, যশোর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বাসিন্দা।

ফেরত আসারা হলেন সিয়াম হাওলাদার (১৪), নিউটন কুমার (১৮), জয় কুমার (১৭), আনজু বেগম (৩৫), শাপলা খাতুন (২২), সাকিবুল সরদার (৬), আব্দুর রহমান (১৫), স্বপন জোহা (৬), শাহীন মোল্লা (৮), লিমা বালাভ (১৬), সুমি খাতুন (১২), পপি রায় (১৫), সনি আক্তার (১৪), সালমান (১), জান্নাতি খাতুন (১২), ইশারত জাহান শ্রাবণী (১৪), বাসন্তী রায় (১৬) ও মেহেদী হাসান (১৫)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, প্রথমে পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে থাকা ১৯ বাংলাদেশি নারী ও শিশুকে দেশে ফেরানোর কথা ছিল। তবে পরিবারের অনুরোধ ও আবেদনের পরিপ্রেক্ষিতে শোভো মজুমদার নামে একজনকে এ দফায় ফেরত আনা হয়নি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ফেরত আসা নারী-শিশুদের কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট পোর্ট থানায় পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা ব্যক্তিদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরের প্রতিনিধিরা নিয়ে যাবেন।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি রেখা বিশ্বাস জানান, ভালো কাজ ও জীবিকার আশায় দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে এসব নারী–শিশুরা অবৈধপথে ভারতে পাচার হয়েছিল। সেখানে পুলিশের হাতে আটক হওয়ার পর স্থানীয় আদালতের মাধ্যমে কারাভোগ করেন। পরে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে তাঁদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসা নাগরিকদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা পৌঁছালে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।