যশোরের মনিরামপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা তিন কর্মীর সরকারি ট্যাব কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আল মামুন নামের এক তথ্য সংগ্রহকারীকে মারধর করে আহত করা হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় দুটি দোকান থেকে ট্যাব তিনটি উদ্ধার করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন ট্যাব উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার সকালে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর ও কাঁঠালতলা এলাকায় এসব ঘটনা ঘটে।
ট্যাব কেড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দুই ব্যক্তিকে ট্যাব নিয়ে মোটরসাইকেলে চলে যেতে দেখা যায়।
ভুক্তভোগী আল মামুনের ভাষ্য, তাঁকে শাহাপুর গ্রামে ডেকে নেওয়া হয়। সেখানে মোটরসাইকেলে পৌঁছালে চারজন তাঁকে পথ আটকে বাঁশ দিয়ে পেটান এবং তাঁর কাছে থাকা সরকারি ট্যাবটি কেড়ে নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও এক তথ্য সংগ্রহকারীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি সুপারভাইজার ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অভিযোগ জানিয়েছেন।
অন্য দুই তথ্য সংগ্রহকারী সোহাগ হোসেন ও বৈশাখী তখন কাঁঠালতলা এলাকায় কাজ করছিলেন। সোহাগ জানান, ফোনে তাঁদের অবস্থান জেনে দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁদের কাছ থেকে দুটি ট্যাব কেড়ে নিয়ে চলে যান। তাঁদের একজনের নাম আব্দুল হান্নান বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার ভিডিও ধারণ করেছেন বলেও জানান সোহাগ।
মশ্মিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকাজের সুপারভাইজার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন হোসেন জানান, খবর পেয়ে উপজেলা প্রশাসন ও জেলা থেকে তাঁকে ট্যাব উদ্ধারের নির্দেশ দেওয়া হয়। পরে স্থানীয় দুটি দোকান থেকে তিনটি ট্যাব উদ্ধার করে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে জমা দেন তিনি।
সুমনের দাবি, তথ্য সংগ্রহকারীদের আওয়ামী লীগ পরিবারের সদস্য মনে করে স্থানীয় কয়েকজন আগে থেকেই তাঁদের ওপর ক্ষুব্ধ ছিলেন। গোপালগঞ্জের ঘটনার পর ক্ষোভ থেকে ট্যাবগুলো কেড়ে নেওয়া হয়ে থাকতে পারে। তবে এ ঘটনায় বিএনপির কোনো দায়িত্বশীল নেতার সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, অভিযুক্ত ব্যক্তিরা দলের কর্মী বা সমর্থক পর্যায়ের।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, তিনটি ট্যাবই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে জানতে ইউএনও সম্রাট হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।