যশোরের মনিরামপুরে ধানখেতে জমে থাকা পানিতে শাপলা তুলতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত দুই শিশুর নাম ইয়াসমিন খাতুন (৬) ও জিসান হোসেন (১০)। ইয়াসমিন ওই গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ও জিসান মফিজুর রহমানের ছেলে। তারা স্থানীয় হাজরাকাঠি মহিলা আলীম মাদ্রাসার প্রথম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের হাজরাকাঠি ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, আজ বেলা ১১টার দিকে স্থানীয় পারখাজুরা বাঁওড়ের আগাড়ে হাজরাকাঠি দাসপাড়া মোড় সংলগ্ন জলাবদ্ধ ধানখেতে এলাকার ৫-৬ শিশু শাপলা তুলতে নামে। এ সময় ইয়াসমিন পানিতে ডুবে যেতে থাকে। তখন তাকে উদ্ধার করতে যায় জিসান। পরে দুজনের কেউ উঠে আসতে না পেরে ডুবে মারা যায়।
আবুল হোসেন জানান, ডুবে যাওয়া দুই শিশুর মধ্যে ইয়াসমিনকে উদ্ধার করে স্বজনেরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজরাকাঠি মহিলা আলীম মাদ্রাসার গণিত শিক্ষক শেখ আজাদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুই শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।’