নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে চৌরঙ্গী মোড়ে জড়ো হন। সেখানে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।
এ সময় পুলিশ মিছিলকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে বিপুলসংখ্যক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...