গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় নীলফা বাজারের মোল্লা ফার্মেসির ফ্রিজে ওষুধের সঙ্গে তরকারি পাওয়া যায়। একই সঙ্গে বিদেশি, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দোকানের মালিক হেদায়েত মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় একই বাজারের জয় ফার্মেসির মালিক পারভেজ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে গোপালগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ফজলুল হকসহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে নীলফা বাজারের দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে।’