হোম > সারা দেশ > গোপালগঞ্জ

অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের ক্ষত নিয়ে কার্যত অচল টুঙ্গিপাড়া থানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ক্ষত। ছবি: আজকের পত্রিকা

থানার প্রধান ফটক তালাবদ্ধ। পুলিশ মেসের পাশের ছোট ফটক দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ের ভাঙা জানালার কাচ। থানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আগুনে পুড়ে কঙ্কালসার হয়ে যাওয়া যানবাহন, আসবাবপত্র, পুলিশের পোশাক ও নথিপত্র। গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর বিধ্বস্ত এ ভবন থেকে দাপ্তরিক ও মাঠপর্যায়ের কার্যক্রম কার্যত স্থবির। কাগজে-কলমে নিয়মিত দায়বদ্ধতা ও টহল কার্যক্রমের তথ্য দেখানো হলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে বর্তমানে অনেকটাই অচল থানাটি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে আটকের জেরে একদল দুর্বৃত্ত থানায় হামলা ও অগ্নিসংযোগ চালায় ঠিক ৮ দিন আগে। ভয়াবহ ওই আগুনে থানা ভবনের পাশাপাশি পুলিশের যানবাহন, গুরুত্বপূর্ণ নথিপত্র ও প্রয়োজনীয় সব সরঞ্জাম ভস্মীভূত হয়। যার মধ্যে রয়েছে একটি প্রিজন ভ্যান, চারটি পুলিশ ভ্যান, একটি পেট্রল গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপারের একটি গাড়ি, দুটি টহল গাড়ি ও ১৫টি মোটরসাইকেল।

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ক্ষত। ছবি: আজকের পত্রিকা

ক্ষয়ক্ষতির চিত্র কেবল যানবাহনেই সীমাবদ্ধ নয়; দুই তলাবিশিষ্ট থানা ভবনের তিন পরিদর্শক, ডিউটি কর্মকর্তা এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকদের কক্ষ, গারদখানা, অস্ত্রাগার, সার্ভার ও নিয়ন্ত্রণকক্ষ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। নষ্ট হয়ে গেছে আসবাবপত্র, কম্পিউটার, শীতাতপনিয়ন্ত্রক যন্ত্র, পাখা এবং পুলিশ সদস্যদের পোশাকসহ গুরুত্বপূর্ণ সব নথি।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, থানার দৈনন্দিনের কার্যক্রম পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হয়। তারই অংশ হিসেবে কাগজে কলমে গত তিন দিন ধরে থানার ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান। তারপর থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

কিন্তু সরেজমিনে দেখা যায় ভিন্ন অবস্থা। টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন থানার আশপাশে সাধারণ পোশাকেই ঘোরাফেরা করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু কাগজে কলমেই তাঁরা ডিউটি অফিসার ও টহল পুলিশের দায়িত্ব পালন করছেন। কিন্তু বাস্তবে শুয়ে-বসে থাকা আর মন চাইলে একটু হাঁটাহাঁটি করা ছাড়া কোন কাজ নেই। কারণ আগুনে দুই তলা ভবন, গাড়ি সহ পুলিশের পোশাকও পুড়ে গেছে। তাই তাঁরা কোথায় বসে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করবেন! আর গাড়ি ও পুলিশের পোশাক ছাড়া কীভাবেই বা টহলের কাজ করবেন!

টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ক্ষত। ছবি: আজকের পত্রিকা

সার্বিক বিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) পলাশ আহমেদ বলেন, ‘বর্তমানে থানায় ২ জন পরিদর্শক, ৪ জন উপপরিদর্শক, ৪ জন সহকারী উপপরিদর্শক ও ১০ জন কনস্টেবল কর্মরত আছেন। তাঁদের নিয়েই ভেতরের কিছু কাজ কোনোরকমে সচল রাখার চেষ্টা চলছে।’

পলাশ আহমেদ আরও বলেন, ‘আগুনে আমাদের সবকিছু ভস্মীভূত হয়ে গেছে, কাজ করার মতো কোনো সরঞ্জাম অবশিষ্ট নেই। থানার কার্যক্রম পুরোদমে চালু করতে ইতিমধ্যে আসবাবপত্রসহ প্রয়োজনীয় সামগ্রী চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ ও সরঞ্জাম পেলেই আমরা আবার পুরোপুরি কাজ শুরু করতে পারব।’

নাম প্রকাশে অনিচ্ছুক টুঙ্গিপাড়া থানার একজন উপরিদর্শক (এসআই) জানান, গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেয়। পরে গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ, বাগেরহাট ও পিরোজপুর থেকে টুঙ্গিপাড়ায় আসে ব্যাটালিয়ন ও আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) অফিসার ফোর্সের ২০০ জন পুলিশ। তাঁরা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন।

গত ১৭ নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীকে আটক করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে থানায় হামলা করে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতা কর্মীরা। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা আটক ছাত্রলীগ নেতা কর্মীদের ছিনিয়ে নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।