হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই বোন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৭ ও ৯ বছর বয়সী দুই শিশু বোন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম মুন্সী (পেশায় ট্রাকচালক ও মুদি দোকানদার) পলাতক রয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। জসিম ওই গ্রামের জামাল মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে শিশু দুটি জসিমের দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে খাবার নেই জানিয়ে জসিম তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান এবং ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত জসিম কৌশলে পালিয়ে যান।

ঘটনার পর নির্যাতিত শিশুদের বাবা বাদী হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় একটি মামলা করেছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।