গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোলায়মান মোল্লা (৭০) এবং তাঁর স্ত্রী শাহিদা বেগম (৬০)। তাঁদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোলায়মান মোল্লা ও শাহিদা বেগম দম্পতি ঢাকা থেকে একটি বাসে করে এসে মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামেন। বাস থেকে নেমে মহাসড়কের অপর পাশে যাওয়ার উদ্দেশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অন্য একটি বাস তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।