আইনশৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তাঁর সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে তাঁরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। জেলা পুলিশের আয়োজিত বিশেষ কল্যাণ সভায়ও তাঁদের অংশ নেওয়ার কথা রয়েছে।
চার বাহিনীর প্রধানেরা বর্তমানে গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান করছেন। সেখানে গোপালগঞ্জ ও এর আশপাশের জেলার পুলিশ সুপাররা উপস্থিত রয়েছেন।
সার্কিট হাউজে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। পুড়িয়ে দেওয়া থানা ও ক্ষতিগ্রস্ত স্থাপনাও তাঁরা পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে।
গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাণ্ডব চালিয়ে দুটি থানা, সংসদ সদস্য এবং বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।