দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে গোপালগঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক এডিস মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এডিস মশা এখন রাতে কামড়াচ্ছে এবং ময়লা পানিতেও জন্মাচ্ছে। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
আজ রোববার বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মো. আজমুল হক বলেন, ‘সারা বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে এডিস মশা একসময় পরিষ্কার পানি ছাড়া ডিম পাড়তো না। এ বেয়াদবরা এখন ময়লা পানিতেও ডিম পাড়ছে। তার মানে তারা এখন তাদের অবস্থান বদলেছে। এই মশা আগে সকালে সন্ধ্যা ছাড়া কামড়াতো না। এখন এরা রাতের বেলাও কামড়াচ্ছে। অতএব আমাদের এলার্ট হতে হবে।’
জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।