নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে মিরপুর থানা-পুলিশ।
গ্রেপ্তার রেজাউল হক বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে। ২০২৩ সালে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর তিনি উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী হয়েছিলেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে টুঙ্গিপাড়ায় সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন রেজাউল হক বিশ্বাস। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২ টির বেশি হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
ওসি আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রেজাউল হক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।