হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন: ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে পৌর ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি পদপ্রত্যাশী ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। ওই রাতেই এজাহারভুক্ত তরিক শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি বলেন, টুঙ্গিপাড়া শিশুপার্কের সামনে নির্মিত ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ইমন ইসলাম (২২) থানায় মামলা করেছেন। মামলার পর বুধবার রাতে ৩৩ নম্বর আসামি তরিক শেখকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান ও শাহিন বিশ্বাস কালুসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০ জনকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে উপজেলার শিশুপার্কের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিহত ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ওই দিন এবং পরদিন রোববার রাতে তোরণটিতে দুই দফা আগুন দেওয়া হয়। এতে তোরণের নিচের অংশের দুই পাশ পুড়ে যায়।