হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

 টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

শাহিদ আলম। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগ পত্রে শাহিদ আলম লিখেছেন, ‘আমি শাহিদ আলম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক ও টুঙ্গিপাড়া উপজেলা আহ্বায়ক পদে আছি। আমার শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে আমার সকল পদ থেকে অব্যাহতি নিলাম। সঙ্গে সঙ্গে আর কখনো রাজনীতির সঙ্গে জড়াব না বলে অঙ্গীকার করলাম। অতএব বিষয়টি সকলে বিশেষ বিবেচনায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন।’

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে শাহিদ আলম বলেন, ‘শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে পদত্যাগ করেছি। এ ছাড়া আমার নিজস্ব ব্যবসা আছে। রাজনীতিতে জড়িয়ে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তাই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব ফেরদৌস আমিনা আজকের পত্রিকাকে বলেন, ‘উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কিন্তু আমরা এখনো গ্রহণ করিনি। উনি চেয়েছিল কমিটি যেন প্রকাশ না হয়। সে এনসিপি করবে তা কেউ জানবে না, আবার তার অপকর্মের দায় দলের ওপর পড়বে—এমনটা মেনে নেওয়া হবে না। ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে বাকি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।