হোম > সারা দেশ > গোপালগঞ্জ

এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক। ছবি: আজকের পত্রিকা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়। দেশের মানুষকে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নুরুল হক বলেন, কোন দেশে কী ধরনের কাজের সুযোগ রয়েছে, তা চিহ্নিত করে লোক পাঠানো হবে। বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রস্তুত করা হচ্ছে।

দালালদের দৌরাত্ম্য কমানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে যেতে গিয়ে কিছু মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন। আমলাতান্ত্রিক জটিলতা সহজ করতেও কাজ করা হচ্ছে। সেই সঙ্গে দালালদের দৌরাত্ম্য বন্ধে বিএমইটির কার্যক্রম অনলাইনে নেওয়া হচ্ছে। এজেন্সিগুলোকে জবাবদিহির মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃতভাবে সাব-এজেন্সি দেওয়ার সুযোগ থাকবে।