হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৭

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খলিশাখালী গ্রামে মওলা ও গোরা গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের মধ্যে একজনকে ঢাকায় এবং চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গোরা গ্রুপের প্রধানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, নানা কারণে মওলা গ্রুপের সঙ্গে তাঁদের বিভিন্ন বিষয়ে মতবিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে ছোটদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মওলা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাঁদের গ্রুপের ১৩ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, মওলা গ্রুপের চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে ওই গ্রুপের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, এখনো কোনো পক্ষ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।