হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে কনসার্টে ‘শেখ হাসিনা’ স্লোগান, আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

হাফিজুর রহমান পিয়াল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত একটি কনসার্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হয়েছে। এ ঘটনায় অনুষ্ঠানটির আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান পিয়ালের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামে। তাঁর বাবার নাম খালিদ জমাদ্দার। তিনি টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালের আয়োজনে কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন গায়ক মাইনুল আহসান নোবেল। কনসার্টে নোবেল গান পরিবেশনের আগে উপস্থিত দর্শক-শ্রোতাদের একাংশ শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে কনসার্টস্থলে স্লোগান ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গতকাল রাতেই হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে আজ সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।