গোপালগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। আজ সোমবার (২৩ নভেম্বর) ভোর থেকেই জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। রাস্তায় মানুষের চলাচলও ছিল চোখে পড়ার মতো।
এ দিকে আওয়ামী লীগের ঘোষিত ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে আজও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল করেছেন দলটির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি ও টহল কার্যক্রম দেখা গেছে।
বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরের হাসপাতাল এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পাচুরিয়া হয়ে শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে পৌঁছায়। এ ছাড়া জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াতেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করেন।
এর আগে গতকাল রোববারও বেলা ১১টার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। গতকাল সন্ধ্যার পর গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট এলাকার ব্রিজের কাছে গিয়ে বেশকিছু সময় অবস্থান করে।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল মধ্যরাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সদর উপজেলার বোরাশী ও কাঠি ইউনিয়নে বিজিবির টহর কার্যক্রম নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মী ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল বলে জানা গেছে। এ সময় কোনো রকম সংঘর্ষ বা নাশকতার ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে বিজিবির অভিযানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।