গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তেঘরিয়া কালীমন্দিরের পাশে মিলন খানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শেফালী বেগম কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ৬-৭ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এ ছাড়া গত প্রায় ছয় মাস ধরে শেফালীর মানসিক অবস্থাও ভালো ছিল না বলে জানান তাঁরা।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাইম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শেফালী তাঁর ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে ওই বাসায় থাকতেন। কয়েক দিন আগে ছেলের স্ত্রী বাবার বাড়িতে যান। আজ ফিরে ঘর থেকে দুর্গন্ধ পান তিনি। পরে বিষয়টি প্রতিবেশীদের জানান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারী বেশ কয়েক দিন আগেই মারা গেছেন।
এসআই নাইম হায়দার আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।