হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, পুলিশের ব্যারিকেড ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি

লগি-বইঠা নিয়ে শহরে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর। আজ রোববার সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন দলটির নেতা-কর্মীরা। তাঁদের মিছিলে পুলিশের ব্যারিকেড ভাঙচুর, একটি সুপারশপের কাচ ভাঙচুর ও বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার পর জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে আসতে শুরু করেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তাঁরা। দুপুর ১২টার দিকে সেখান থেকে মিছিল বের করেন নেতা-কর্মীরা।

মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন মিছিলকারীরা। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। মিছিলে বিপুলসংখ্যক নেতা-কর্মীর পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এ সময় অনেকের হাতে লগি-বৈঠা দেখা যায়।

মিছিল চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর ১টা পর্যন্ত নেতা-কর্মীরা শহরে অবস্থান করেন। পরে তাঁরা নিজ নিজ অবস্থানে ফিরে যান।

এদিকে গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ করা হয়।

লগি-বৈঠা নিয়ে শহরে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কর্মসূচি ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ছাড়াও বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।

লগি-বৈঠা নিয়ে শহরে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মিছিল ঘিরে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলা দেড়টার পর থেক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। মিছিলকারীরা শহর ছাড়ার পর কিছু দোকানপাট খুলতে শুরু করেছে।