গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ রোববার সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন মোসলেম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আজ সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় এসআই মোসলেম আলীর ওপর হামলা চালানো হয়। তাঁকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা সড়কে যান চলাচলে বাধা দেন এবং পুলিশের একটি সরকারি গাড়ি ঘেরাও করে ভাঙচুর করেন। পরে গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সরকারি সম্পদ ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় গত শুক্রবার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।