হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রধান ফটকে কর্তৃপক্ষের টানানো নোটিশ। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ, কাজে যোগ না দেওয়া এবং কারখানায় ভাঙচুরের অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে কর্তৃপক্ষের টানানো বন্ধের নোটিশ দেখতে পান।

বন্ধ ঘোষণা করা কারখানা দুটি হলো গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড। বৃহস্পতিবার থেকে কারখানা দুটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের সহব্যবস্থাপকের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যাহ্নবিরতির পর থেকে শ্রমিকেরা কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা কারখানায় উপস্থিত থেকেও কাজ করেননি। পরে বিভিন্ন উৎপাদন ফ্লোরের শ্রমিকদের নিচে নামিয়ে উচ্ছৃঙ্খলভাবে ভাঙচুর চালিয়ে কারখানা ত্যাগ করেন।

নোটিশে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। এ সময় কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন। শ্রমিকদের এমন আচরণকে বেআইনি ধর্মঘট উল্লেখ করে অব্যাহত শ্রমিক অসন্তোষ ও সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনায় কারখানার সম্পদ ও জানমাল রক্ষার্থে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা উল্লেখ করে আরও বলা হয়, পরিস্থিতি অনুকূলে এলে কারখানার স্বাভাবিক কার্যক্রম চালুর তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে কারখানা দুটির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।