তীব্র পেটব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন কাশিমপুর কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হাসমত আলী (৪৪)। এক্স-রে পরীক্ষায় তাঁর পেটে বিভিন্ন বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও ইটের টুকরা বের করেন চিকিৎসকেরা।
আজ বুধবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, অস্ত্রোপচারের পর হাসমত আলী শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং বিশেষ পর্যবেক্ষণে আছেন।
হাসমত আলীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামে। একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দী রয়েছেন। গত ৩১ অক্টোবর সন্ধ্যায় পেটব্যথা অনুভব করলে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে এক্স-রে পরীক্ষায় তাঁর পেটের ভেতর বিভিন্ন ধাতব ও অন্যান্য বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে।
সূত্র জানায়, গত তিন মাসে হাসমত কারাগারের নেইল কাটার, গ্যাস লাইটার, ইটের টুকরাসহ বিভিন্ন বস্তু গিলে ফেলেন। এসব বস্তু খাওয়ার পর তাঁর পেটে তীব্র ব্যথা শুরু হয়। একপর্যায়ে পানি ছাড়া অন্য কিছু খেলেই বমি করতেন তিনি।
কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হাসমতের সমস্যাটি ছিল ‘অ্যাকিউট অ্যাবডোমিনাল উইথ এপিগ্যাস্ট্রিক মাস’। ৪ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, ইটের টুকরাসহ বিভিন্ন বস্তু বের করেন চিকিৎসকেরা।
সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কারাগারে মানসিক কষ্ট ভুলে থাকতে কাজ করার আগ্রহ প্রকাশ করলে তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়। এ সময় ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটার সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন তিনি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
অস্ত্রোপচারের পর বর্তমানে হাসমত আলী ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের অধীনে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।