গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসন চত্বর এবং মাওনা চৌরাস্তা উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সোয়া ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক এই দুটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর আজ রোববার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় তিনি এই ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দায়ী করে বলেন, ‘এটি পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাজ। তারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা জানান, গতকাল শনিবার রাত ১০টা ২২ মিনিটের দিকে উপজেলা প্রশাসনের আঙিনায় তাঁর সরকারি বাসভবনের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়।
তিনি বলেন, ‘বিস্ফোরণের সময় আমি বাসভবনের দোতলায় অবস্থান করছিলাম। বিকট শব্দ শুনে নিচে নেমে এসে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারি।’
ইউএনও আরও জানান, সরকারি বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য ধরা পড়েছে। তবে ফুটেজে হামলাকারীর চেহারা স্পষ্ট না হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা চত্বরে বিস্ফোরণের প্রায় ২৫ মিনিট পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ উভয় ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, ‘দুটি ঘটনাই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’