গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ১৮টি ঘর পুড়ে গেছে। এসব ঘরে স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা থাকতেন। গতকাল শনিবার রাতে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্দুল কাদির বলেন, রাতে ভাড়াটেদের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত সারিবদ্ধ ঘরগুলোয় ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় এক ঘণ্টার আগুনে ভাড়াটেসহ বসতবাড়ির সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল করিম জানান, রাতে বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর বলা সম্ভব হবে।