হোম > সারা দেশ > গাজীপুর

জমি নিয়ে বিরোধ, হামলায় পুলিশসহ আহত ৭

প্রতিনিধি, শ্রীপুর

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে একপক্ষের বাড়িতে হামলা করে অন্যপক্ষ। এতে পুলিশসহ সাত জন আহত হয়েছে। গতকাল দুপুরে পৌর এলাকার মাওনা কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়ি ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে বলেও অভিযোগ উঠেছে।

জাতীয় সেবা নম্বর ৯৯৯ মারফত বাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান শ্রীপুর থানার উপ পরিদর্শক মো. আসাদ। হামলাকারীরা তাকেও মারধর করে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩ হামলাকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আইনাল হক (৪২), খোকা (২৬) ও ইমন (২৮)।

জানা গেছে, জমি নিয়ে পৌর এলাকার মাওনা দক্ষিণপাড়া গ্রামের আবু হানিফার ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে কেওয়া পশ্চিম খন্ড এলাকার আমির হোসেনের ছেলে আইনুল হক, নজরুল ইসলাম ও ফরজুল ইসলামের বিরোধ দীর্ঘদিনের। শনিবার আইনুল ওই জমি দখল করতে যায়। এতে বাঁধা দেয় জাহাঙ্গীরের পরিবার। ঘটনার এক পর্যায়ে আইনালের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দা, ছুড়ি নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়।

প্রথমে জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় একজনের হাতের রগ কেটে যায়। যখম হন আব্দুল খালেক, মজিবর রহমান, সজীব, আনোয়ারা খাতুন ও ফাহিমা খাতুন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি আয়োজকদের।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ সদস্যের ওপর হামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন।