গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দুবাইপ্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক দুবাইপ্রবাসী নিশাত ঢালী।
প্রবাসীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে দুবাইপ্রবাসী নিশাত ঢালী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কিনেছিলেন। বসতঘরগুলো স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল। দুটি দোকানের একটিতে চলছিল খাবার হোটেল।
বাবুল মিয়া জানান, আজ সকাল ৯টার দিকে ভাড়া দেওয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় শ্রীপুর ফায়ার সার্ভিসে। আগুনে প্রতিটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।