জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ৮ দফা দাবি এক দফায় রূপ নেবে। গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান না করতে পারলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাব।’
আজ শনিবার সকালে ১১-দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় পথসভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের ঘরে গ্যাস ও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। চাঁদাবাজি দূর করতে এই আন্দোলন। দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে মুক্ত করার দাবিতে আমাদের এই লংমার্চ। মানুষের অধিকার আদায়ের দাবি, আধিপত্যবাদ, আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে আমাদের লংমার্চ।’
জনগণের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আপনারা ৭০ ভাগ মানুষ গণভোটে হ্যাঁ বলেছিলেন। রায় অগ্রাহ্য করে সরকার আপনাদের অপমানিত করেছে। সেই অপমানের প্রতিশোধ নিতে আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতেই হবে। বিএনপি জনগণের রায় বাস্তবায়ন করতে বাধ্য হবে। সরকার পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’
পথসভায় আরও বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক প্রমুখ।