হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানায় একযোগে ৭৩৯ কর্মী ছাঁটাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আজ সকাল থেকে ছাঁটাই হওয়া কর্মীদের নামের তালিকা দেখতে কারখানার সামনে ভিড় করেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় দফায় ৭৩৯ জন কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার প্রধান ফটকে এ-সংক্রান্ত নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ।

ছাঁটাই হওয়া প্রতিষ্ঠানগুলো হলো কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।

কর্তৃপক্ষ জানায়, ব্যাংকিং জটিলতা ও গ্যাস বিল পরিশোধ করতে না পারায় গত ৬ জুন থেকে কারখানাগুলো লে-অফে রয়েছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের সই করা নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ করতে না পারায় সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবলের কারণে উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন সেকশন, বিভাগ ও ডিভিশনের কিছু পদ বিলুপ্ত করা হয়েছে। শ্রম আইন, ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী ২০ অক্টোবর থেকে অতিরিক্ত শ্রমিক ও কর্মচারীদের ছাঁটাই করা হবে। তাঁদের আইন অনুযায়ী পাওনা পরিশোধ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আজ সকাল থেকে ছাঁটাই হওয়া কর্মীদের নামের তালিকা দেখতে কারখানার সামনে ভিড় করেন শ্রমিকেরা। এ সময় তাঁদের মধ্যে চাপা ক্ষোভ দেখা যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কারখানায় নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হলে শ্রম আইনের ২১ ধারা অনুযায়ী ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে যাদের চাকরি বহাল রয়েছে, তাঁরা লে-অফের আওতায় থাকবেন এবং আইন অনুযায়ী সুবিধা পাবেন।

কারখানার সুইং সেকশনের অপারেটর মিনারা বেগম বলেন, ‘দীর্ঘ ১৮ বছর ধরে এই কারখানায় কাজ করছি। এখন চাকরি হারিয়ে পরিবার নিয়ে কীভাবে চলব, সেটাই চিন্তার বিষয়।’

প্রায় ১৯ বছর ধরে কারখানাটিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন আবেদা বেগম। দীর্ঘ কর্মজীবনের পর হঠাৎ চাকরি হারিয়ে কারখানার ফটকের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেদা বলেন, ‘এত বছর চাকরি করে শেষ পর্যন্ত শূন্য হাতে বিদায় নিতে হচ্ছে।’

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, পাঁচবার লে-অফের পর কেয়া নিট কম্পোজিটের ৭৩৯ শ্রমিককে এক নোটিশে ছাঁটাই করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা ও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন জানান, ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুরে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি