হোম > সারা দেশ > গাজীপুর

বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

মৃত স্বপন দাস। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বপন দাস (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী রত্না রানী দাস ও ভাগনে সজীব দাসও আহত হয়েছেন। রত্না বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সজীবের চিকিৎসা চলছে গাজীপুরে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাসের মৃত্যু হয়।

পেশায় ব্যবসায়ী স্বপন শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নরেন্দ্র দাসের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

প্রতিবেশী দিলীপ কর্মকার বলেন, গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান স্বপন দাস। বাঁশ কাটার সময় একটি ভিমরুলের বাসা ভেঙে যায়। পরে ভিমরুলের দল স্বপন, তাঁর স্ত্রী রত্না রানী ও ভাগনে সজীব দাসকে কামড়াতে শুরু করে। স্বজনেরা তাঁদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে তাঁদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বপন ও রত্নার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁদের ঢাকার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বপনের মৃত্যু হয়। তাঁর স্ত্রী রত্না রানী গুরুতর আহত অবস্থায় আইসিইউতে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা. শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা।’