গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
আজ রোববার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং হাজার হাজার যানবাহন আটকা পড়ে।
শিক্ষার্থীরা জানান, গতকাল শনিবার রাতে মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নিহত হয়। ঘটনার পর কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে আজ রোববার সকালে শিক্ষার্থীরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ব্যানার ও স্লোগানের মাধ্যমে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তাঁরা।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হন। এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। গত রাতে তাঁদের এক সহপাঠীর মৃত্যু হয়েছে। এ কারণে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাঁরা এখনো মহাসড়কে অবস্থান করছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।