হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বসতঘরে আগুন, দুই শিশুসহ দগ্ধ মা-বাবা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

টিনের আধাপাকা বাড়িতে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর পশ্চিম ভুরুলিয়া এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দুই শিশুসন্তানসহ মা-বাবা দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মা ও দুই শিশুর অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে মহানগরীর জিএমপি সদর থানার পশ্চিম ভুরুলিয়া লালমাটি এলাকায় মিয়াজ উদ্দিন প্রধানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মহসিন প্রধান (২৭), তাঁর স্ত্রী সুবর্ণা আক্তার (২৩) এবং তাঁদের দুই সন্তান সাইয়ান (৬) ও সোয়াত (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মহসিন প্রধান ও স্ত্রী-সন্তানেরা আলাদা কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় হঠাৎ তাদের বসতঘরে আগুন জ্বলে ওঠে। মহসিন জানালা ভেঙে ঘর থেকে বের হন। পরে আশপাশের লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাঁর পাশের কক্ষে থাকা তাঁর স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করা হয়।

মহসিনের বাবা মিয়াজ উদ্দিন প্রধান জানান, তাঁদের টিনের আধাপাকা বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিয়াজ উদ্দিন জানান, আগুনে তাঁর পুত্রবধূর শরীরের ৪৫ শতাংশ এবং দুই নাতির শরীরের ২৫ শতাংশ করে পুড়ে গেছে। তাঁর ছেলে মহসিন সামান্য দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজনকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। আগুনে বাড়ির ছয়টি কক্ষ, একটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

বিআরটি থেকে ৬ লেন—মেগা প্রজেক্টের চরম মাশুল জনগণকেই দিতে হচ্ছে

শ্রীপুর থানার সামনে যুবলীগের মিছিল, আটক ৮

রাত ৩টায় আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তালাবদ্ধ ঘরে মিলল যুবকের লাশ

বিআরটি প্রকল্প বাতিলের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আইসিইউতে

শ্রীপুরে আগুনে পুড়ল মসজিদ, ঝুটের গুদামসহ একাধিক দোকান

বিসর্জনের আগে দশমী মাঠে অর্ধশতাধিক প্রতিমার উৎসব

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, সন্তানসহ বাবা-মা দগ্ধ