গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে স্টেশনে প্রবেশের পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি আটকা পড়ে।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রেনটি স্টেশনেই আটকা ছিল। তবে বিকল্প পথে ঢাকা-ময়মনসিংহ রেলপথে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৮টার দিকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। কিছুক্ষণ পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি আর চলতে পারেনি।
ফলে ট্রেনের শত শত যাত্রী স্টেশনে আটকা পড়েন। কেউ কেউ বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে চলে গেলেও জারিয়াগামী অনেক যাত্রী ট্রেনেই আটকা রয়েছেন।
জারিয়াগামী যাত্রী আ. রহিম বলেন, ‘সকালে ঢাকা থেকে ট্রেনে উঠেছি। যাব জারিয়া। শ্রীপুরে এসে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছি। ট্রেনে অনেক যাত্রী আটকা পড়েছেন। কখন বাড়ি ফিরতে পারব জানি না।’
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, ‘সকাল ৮টার দিকে বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। পরে ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি আটকা পড়ে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যাবে।’