হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীনগরে অটোরিকশা গ্যারেজে ডাকাতি, হাত-পা বাঁধা অবস্থায় মালিকের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গভীর রাতে অটোরিকশা গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে ঢোকে ৮-১০ জনের ডাকাত দল। তাঁরা গ্যারেজ মালিক ও তাঁর স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে অটোরিকশার ব্যাটারি লুট করতে শুরু করে। এ সময় হাত-পা বাঁধা অবস্থাতেই নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন গ্যারেজ মালিক অহিদুল ইসলাম (৫০)। গতকাল রোববার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগরে এ ঘটনা ঘটে।

নিহত অহিদুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে। গত তিন মাস ধরে তিনি শ্রীনগরের পাটাভোগ হরিবাড়ি এলাকার গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করছিলেন। স্ত্রী উসনা আক্তারকে নিয়ে তিনি সেখানেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে ঢোকে। ডাকাতেরা অহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী উসনা আক্তারকে জিম্মি করে দুজনের হাত-পা ও মুখ শক্ত করে বেঁধে ফেলে। এরপর একটি পিকআপ ভ্যান গ্যারেজের ভেতরে ঢুকিয়ে ১৮টি অটোরিকশার ৬১টি ব্যাটারি ও দুটি অটোরিকশা পিকআপে তোলে।

উসনা আক্তার জানান, মালামাল লুটের একপর্যায়ে তাঁর স্বামী নিস্তেজ হয়ে পড়েন। অহিদুলের কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বুঝতে পারে ডাকাতেরা। পরে দ্রুত তাঁর হাতের বাঁধন খুলে দিয়ে লুট করা মালামালসহ পালিয়ে যায়।

উসনা আক্তারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে অহিদুলকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘অহিদুলের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’