নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া আট ফুট দৈর্ঘ্যের একটি মিঠাপানির কুমিরের নতুন ঠিকানা হয়েছে গাজীপুর সাফারি পার্ক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমিরটি সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় তিন দিনব্যাপী অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়।
তিনি জানান, কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কুমিরটির সংরক্ষণ ও পরিচর্যার জন্য গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। কুমিরটি উদ্ধারে স্থানীয় উপজেলা পরিষদ ও বাসিন্দারা সহযোগিতা করেছেন।
নিগার সুলতানা আরও জানান, মিঠাপানির কুমির সাধারণত নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। এগুলো লবণাক্ত পানির কুমিরের তুলনায় আকারে ছোট হয়। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রং জলপাই-বাদামি বা ধূসর। এরা মূলত মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, পোকামাকড় ও ছোট প্রাণী শিকার করে। মিঠাপানির কুমির সাধারণত লাজুক স্বভাবের হয়। তবে বিরক্ত বা উত্যক্ত করলে মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার চলতি দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে মিঠাপানির কুমিরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটি গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। বর্তমানে কুমিরটিকে পার্কের আলাদা একটি বেষ্টনীতে রাখা হয়েছে।