হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে মাদকের আড্ডায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের আড্ডায় তর্ক-বিতর্কের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে হিজলতলী এলাকা থেকে সাকিল চৌধুরী নামে আকাশের এক বন্ধুকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

আটক সাকিল চৌধুরী উপজেলার টান কালিয়াকৈর এলাকার আলম মিয়ার ছেলে।

নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং রাজধানী পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ট্রাকস্ট্যান্ড এলাকায় চার বন্ধু মিলে মাদক সেবন করছিলেন। এ সময় মাদক নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সাকিল উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে আকাশের বুক ও পেটে উপর্যুপরি আঘাত করেন।

গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আকাশ। আকাশের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় আকাশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ রোববার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।