গাজীপুরের শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন আপাতত শান্ত রয়েছে। আজ শনিবার সকাল থেকে গাজীপুর মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।
সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকদের সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশির ভাগ কারখানাও খোলা রয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রীপুর শিল্পাঞ্চলের পোশাকশ্রমিক মনির হোসেন বলেন, ‘আমাদের আন্দোলন করার ইচ্ছা নেই। তবে বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। একটা কথা বলি, কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে। কারণ, মাস শেষে আমাদের বেতন পেতে হবে। তাই যত দ্রুত সম্ভব বেতন কত বাড়বে, তা আমাদের জানিয়ে দিলে ভালো হয়। শুনছি, মজুরি বোর্ড কাজ করছে। আমরাও অপেক্ষায় আছি, দেখি কত বেতন বাড়ে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা বলেন, ‘আমরা শ্রমিকদের বারবার আশ্বস্ত করছি যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সেখানে শ্রমিকনেতা ও বোর্ডের সদস্যরা আলোচনার মাধ্যমে সামগ্রিক বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। মজুরি বৃদ্ধির বিষয়ে তাঁরা কাজ করছেন, বিষয়টি শ্রমিকদেরও জানানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মজুরি বোর্ড গঠন হলেই ইচ্ছেমতো বা তাৎক্ষণিকভাবে মজুরি বাড়ানো যায় না। এ বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে তাঁরা অনেক সময় মনে করেন, আমরা মালিকপক্ষের দালালি করছি। তবে এখন শ্রমিকেরা নিজেরাও মজুরি বোর্ডের কার্যক্রম ও মজুরি বৃদ্ধির প্রক্রিয়া বোঝার চেষ্টা করছেন। তাঁরা বুঝতে পারছেন, মজুরি বোর্ড গঠন হয়েছে এবং আলোচনা শেষে বেতন বাড়ানোর সিদ্ধান্ত আসবে।’
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন মনে করেন, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে—এমন প্রত্যাশা থেকেই পোশাকশ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন।
তিনি বলেন, শ্রমিকেরা মনে করছেন, মজুরি বোর্ড তাঁদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। এ কারণে তাঁরা কাজে ফিরছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট কোনো বাস্তবসম্মত প্রস্তাব দেয়নি। বিষয়টি দুঃখজনক।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজ শনিবার সকাল পর্যন্ত গাজীপুর মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি বলেন, শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। আজ গাজীপুরের প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।