হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধের পর তাঁদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আজ সোমবার দুপুর ১টার দিকে বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মহসিন মোর্শেদ বলেন, দুপুরের দিকে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাঁদের সরিয়ে দেন।

গাজীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর সহকারী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।

গাজীপুরের বাঘের বাজার এলাকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা