হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সুফল বাগানের ৪০০ গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সুফল বাগানের চার শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছ কাটা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের উদ্যোগে সৃজিত সুফল বাগানের চার শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার গোসিংগা বিটের পেলাইদ গ্রামের বাগানে এ ঘটনা ঘটে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন বাগানের ২৫ জন সুফলভোগী। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো জব্দ করেছেন।

আজ রোববার সকালে বাগানে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পান সুফলভোগীরা। পরে তাঁরা বন বিভাগকে বিষয়টি জানান। এ ঘটনায় দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে বন বিভাগের উদ্যোগে ২৫ জন সুফলভোগীকে নিয়ে ওই বাগান সৃজন করা হয়। সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও বিলুপ্তপ্রায় ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। বাগান থেকে ভবিষ্যতে অর্জিত আয় বন বিভাগ ও সুফলভোগীদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা ছিল। এরপর থেকে সমিতির সদস্যরা বাগানটি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। তবে শনিবার রাতে দুর্বৃত্তরা বাগানের প্রায় এক হেক্টর জমির চার শতাধিক গাছ কেটে ফেলে।

সুফলভোগী সমিতির সাধারণ সম্পাদক নূর উদ্দীন বলেন, সকালে বাগানে কাজ করতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পাই। সমিতির ২৫ জন সদস্যের দীর্ঘদিনের শ্রম ও পরিচর্যায় বাগানটি গড়ে উঠেছিল। গাছ কেটে ফেলায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়লাম।

স্থানীয় বাসিন্দা সাইফুর ইসলাম বলেন, এতগুলো গাছ কেটে ফেলার ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সমিতির সভাপতি আবদুল কাদের বলেন, সকালে গাছ কাটার খবর পেয়ে আমরা হতবাক হয়ে যাই। বাগানের এমন ক্ষতি কেউ করতে পারে, তা ভাবতেও পারি না। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

শ্রীপুর উপজেলা রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছগুলো জব্দ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্ত সুফলভোগীদের পাশে বন বিভাগ থাকবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।