গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচল উপশহর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাক ও দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদলের অন্য ৭-৮ জন সদস্য পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের হরদিবাজার-সংলগ্ন বাসাবাসি এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার তালতলী থানার ছোটবাগী গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার (৪৬) ও পটুয়াখালীর গলাচিপা থানার খাইরুজ্জামান বাজার এলাকার মৃত দুলালের ছেলে রবিন (৩৫)। তাঁরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনার সময় পুলিশ জানতে পারে, পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সেতুর উত্তর-পূর্ব পাশে সার্ভিস লেনের ওপর একটি ট্রাকে একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
তৎক্ষণাৎ পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিল্লাল ও রবিনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং অন্ধকারের সুযোগে ৭-৮ জন ডাকাত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি বড় কাটার, স্লাইস রেঞ্জ, দুটি লোহার রড, পাইপ ও ধারালো কাস্তে জব্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ডাকাতেরা মহাসড়ক ও নির্জন এলাকায় বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল। আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।