গাজীপুরের কালীগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্টের অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় জনস্বার্থে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি দুপুরে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক ধারায় এ সাজা দেওয়া হয়।
বক্তারপুর ইউনিয়নের বেড়ুয়া এলাকার আলম শেখকে (২৮) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে চুয়ারিয়াখোলা এলাকার সুহৃদ পালমা (৪১), সাতানিপাড়া এলাকার ইকবাল (৪৩) এবং কালীগঞ্জ পৌরসভার তুমিলিয়া এলাকার মোবারক হোসেনকে (৫১) কারাদণ্ড দেওয়া হয়েছে।
সুহৃদ পালমা ও ইকবালকে ৩০ দিন করে এবং মোবারক হোসেনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তাঁদের প্রত্যেককে প্রতীকী অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, ‘কালীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ পণ্য উৎপাদন এবং নেশাগ্রস্ত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের শান্তি ও অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত আগামীতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। অপরাধীদের প্রতি কোনো প্রকার শিথিলতা প্রদর্শন করা হবে না।’