হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শিল্পে গ্যাস সরবরাহ বেড়ে ৪০০ মিলিয়ন ঘনফুট, কমেছে লোডশেডিং

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গ্যাসের সরবরাহ বাড়ায় শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে স্বস্তি ফিরেছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর গ্যাস সরবরাহ ২৬০ মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। কমেছে বিদ্যুতের লোডশেডিংও। শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে কিছুটা স্বস্তি ফিরলেও, উৎপাদন পুরোপুরি স্বাভাবিক রাখতে গ্যাসের চাপ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্পমালিকেরা।

আজ বুধবার দুপুরে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানা এবং গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। পরিদর্শনকালে তিনি স্প্যারো ফ্যাশন, ডিবিএল গার্মেন্টস, পল্লী বিদ্যুতের জয়দেবপুর গ্রিড ও তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণনকেন্দ্র পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কয়েক দিন ধরে গ্যাসের চাপ কম থাকা এবং বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছিল। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। অনেক কারখানা উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়।

গাজীপুরের শিল্পকারখানাগুলোতে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে আগে সরবরাহ করা হতো প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুট। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সরবরাহ বেড়ে বর্তমানে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিবিএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাদির অনু বলেন, ‘গ্যাসের চাপ বাড়ায় শিল্পকারখানাগুলোতে উৎপাদন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও স্বাভাবিক হবে।’

তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক মোস্তফা মাহবুব জানান, শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, শিল্পের উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকার গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বর্তমান পরিস্থিতি আরও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

গাজীপুর দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। জেলায় তৈরি পোশাক, ডাইং, স্পিনিং ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতের বিপুলসংখ্যক শিল্পকারখানা রয়েছে। শিল্পমালিকেরা বলছেন, চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়বে এবং সাম্প্রতিক ক্ষতির পরিমাণ কমবে।