গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ফুলচান মিয়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ ফানাপুর এলাকার আনসার আলীর ছেলে।
কাজের সন্ধানে প্রায় ছয় মাস আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে সফিপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে ওঠেন ফুলচান মিয়া। তাঁর স্ত্রী স্থানীয় একটি পারলারে কাজ করেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে একই বাড়ির এক কিশোরীর গোসলের ভিডিও গোপনে ধারণের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাঁরা ওই ব্যক্তিকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেন। পরে রোববার বিকেলে ফুলচান মিয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ওই যুবককে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।