গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মালবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (৪০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামের মৃত মানিক সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক বোর্ডঘর এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সিরাজুল ইসলাম কেবিনে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন কেটে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।