গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সামনে থাকা একটি গাড়ির পেছনে মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। আজ রোববার (১৬ আগস্ট) সকালে হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন শিকদার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রকিবুল হাসান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা কাভার্ড ভ্যানের সামনের অংশ কেটে চালক আল আমিন শিকদারের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি মিনি কাভার্ড ভ্যান। পথে হোতাপাড়া এলাকায় পৌঁছালে সেটি সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আল আমিন শিকদার নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।